পল্লবীতে ফ্ল্যাটের তালা ভেঙে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, ছিলেন একাকী
রাজধানীর মিরপুরের পল্লবীতে একটি ফ্ল্যাট থেকে সেলিনা আফরোজ (৫৫) নামের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (৩ জুন) রাতে পল্লবীর সেকশন-৬, রোড নম্বর ১০-এর সি ব্লকের ১৪ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সেলিনা আফরোজ দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটে একা বসবাস করছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত সেলিনা আফরোজ মৃত খলিলুর রহমান ও আফিয়া রহমানের মেয়ে। পারিবারিক সূত্রে পাওয়া ওই ফ্ল্যাটটিতে তিনি একাই থাকতেন। তার স্বামী মোবিনুল হক এবং দুই সন্তান দীর্ঘ দিন ধরে কানাডায় বসবাস করছেন।
একসময় সেলিনা আফরোজও পরিবারের সঙ্গে কানাডায় থাকতেন। তবে পারিবারিক বিরোধের জেরে প্রায় ১২ বছর আগে তিনি দেশে ফিরে আসেন এবং পল্লবীর এই বাসায় একাকী জীবনযাপন শুরু করেন।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৬ মে রাত আনুমানিক ১১টার দিকে ভাতিজা আশফাকুর রহমানের সঙ্গে সর্বশেষ মোবাইল ফোনে কথা হয়েছিল সেলিনা আফরোজের। এরপর থেকে পরিবারের সদস্যরা তার সাথে আর কোনো যোগাযোগ করতে পারেননি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত ২৬ মে থেকে ৩ জুনের মধ্যে যেকোনো সময়ে ফ্ল্যাটের ভেতরেই তার মৃত্যু হয়েছে। দীর্ঘ দিন ঘর বন্ধ থাকায় মরদেহটিতে পচন ধরে এবং দুর্গন্ধ ছড়ালে বিষয়টি জানাজানি হয়।
পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি স্বাভাবিক মৃত্যু নাকি হত্যাকাণ্ড, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে। এই ঘটনায় পল্লবী থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Comments