সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ কারণে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এর আগে সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানী ঢাকা ও এর আশেপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সময় ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
এদিকে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শহরের বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে মোট ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
Comments