ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও সাময়িকভাবে আকাশ মেঘে ঢাকা পড়তে পারে। এ সময় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের আভাস নেই।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে। আর আগামীকাল রোববার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪২ মিনিটে।
এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো ধরনের সতর্কসংকেত জারি করা হয়নি। পূর্বাভাস অনুযায়ী, শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের কোনো নদীবন্দরের জন্য সতর্কসংকেত দেখানোর প্রয়োজন নেই।
অন্যদিকে, শুক্রবার রাতে প্রকাশিত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে দেশের আট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দেশের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। তবে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
Comments