দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা, বাড়তে পারে তাপমাত্রা
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় শনিবার দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (২৯ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে কোথাও কোথাও সাময়িকভাবে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় রাজধানীতে মোট ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
Comments