পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠেপড়ে লেগেছে: শামা ওবায়েদ
তৈরি পোশাক খাতকে অস্থিতিশীল ও অচল করার জন্য 'পতিত ফ্যাসিবাদ' নানাভাবে উঠেপড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষের প্রতি ওই ফ্যাসিস্টদের ন্যূনতম কোনো দায়বদ্ধতা বা ভালোবাসা নেই। কারণ, তারা গত ১৭ বছরে দেশের সমস্ত গণতান্ত্রিক, আর্থিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে।
তিনি আরও বলেন, 'বর্তমানে দেশে যখন একটি গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে এবং মানুষ স্বস্তি ফিরে পেয়েছে, তখন তারা পরিকল্পিতভাবে সেই পরিবেশ বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিশেষ করে, দেশের আর্থিক খাত যখন ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে এবং বিদেশিরা বাংলাদেশে নতুন করে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে, ঠিক তখনই এই ফ্যাসিবাদী চক্র আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা চালাচ্ছে।'
পোশাকশ্রমিকদের আন্দোলন ও দাবি প্রসঙ্গে শামা ওবায়েদ জানান, শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করতে সরকার সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আন্তরিকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে। বর্তমান সরকার দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং সে অনুযায়ী বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
Comments