রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামি সোহেল রানার মৃত্যুদন্ড বহাল, স্বপ্নাকে খালাস
রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির মধ্যে সোহেল রানার সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। অপর আসামি স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রায় ঘোষণা করেন।
এর আগে গতকাল এ মামলার আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষে রায়ের দিন নির্ধারণ করেন হাইকোর্ট। গতকাল সোমবার (১৬ নভেম্বর) মামলাটির ওপর রাষ্ট্র ও আসামিপক্ষের একদিনের চূড়ান্ত শুনানি শেষ হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, এই নৃশংস অপরাধের পুরো ঘটনাই জানতেন আসামি স্বপ্না খাতুন। ঘটনা জানতেন বলেই তিনি তার স্বামী সোহেল রানাকে পালিয়ে যেতে সরাসরি সহযোগিতা করেছেন।
রাষ্ট্রপক্ষের যুক্তি অনুযায়ী, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্বপ্না খাতুন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তাই উভয় আসামির বিচারিক আদালতের দেওয়া সর্বোচ্চ সাজা (মৃত্যুদণ্ড) বহাল রাখার জোর দাবি জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
গত ১৯ মে রাজধানীর মিরপুরের পল্লবীতে একটি ভবনের ফ্ল্যাটে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় গত ৭ জুন দ্রুততম সময়ে মামলার রায় ঘোষণা করেন বিচারিক আদালত। রায়ে মূল আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়।
Comments