প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব মো. দাউদ মিয়া
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন মো. দাউদ মিয়া, এনডিসি। এর আগে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত যোগদান-পরবর্তী এক সভায় নতুন সচিব এই দায়িত্ব গ্রহণ করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. দাউদ মিয়া বলেন, সরকারের ভিশন বাস্তবায়নে মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীকে সততা ও নিষ্ঠার সঙ্গে একযোগে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা খাতের উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সকলকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।
এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব লাল হোসেন, অতিরিক্ত সচিব মনোয়ারা ইশরাতসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে নতুন সচিবকে ফুল দিয়ে স্বাগত জানান।
উল্লেখ্য, গত সোমবার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মো. দাউদ মিয়া, এনডিসিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়।
Comments