নাশকতায় আইনশৃঙ্খলা বাহিনীর ‘নিষ্ক্রিয়তা ও পরোক্ষ সহযোগিতা’ রয়েছে: মিয়া গোলাম পরওয়ার
সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার 'বিস্ময়কর নিষ্ক্রিয়তা এবং এক ধরনের পরোক্ষ সহযোগিতা' ছাড়া পতিত ফ্যাসিস্টদের পক্ষে সারা দেশে নাশকতা চালানো কোনোভাবেই সম্ভব নয় বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার উল্লেখ করেন, গত কয়েক দিনে রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ৫০টি স্থানে ককটেল বিস্ফোরণ, গণপরিবহন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অথচ এসব সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে সরকারের গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।
তিনি সুনির্দিষ্ট কিছু ঘটনার কথা উল্লেখ করে বলেন, রাজধানীর মহাখালী, খিলগাঁও, পল্লবী, ফার্মগেট ও আদালত প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এমনকি সিআইডি কার্যালয়ের মতো সংবেদনশীল স্থানেও সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করেছে।
এছাড়া পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা অবরোধ ও ককটেল বিস্ফোরণ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন দেওয়া এবং ফরিদপুরে বাসে অগ্নিসংযোগে কালাচাঁন শেখ (৩৪) নামের এক চালক নিহতের মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং কাঙ্ক্ষিত সংবিধান ও রাষ্ট্রকাঠামো সংস্কার না করার কারণেই মূলত ফ্যাসিস্টরা ফের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সুযোগ পাচ্ছে। উদ্ভূত এই পরিস্থিতির জন্য সরকারকেও দায় নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিরোধী দল হিসেবে জামায়াত বিভিন্ন সময়ে গঠনমূলক সমালোচনা, সহযোগিতা ও পরামর্শ দিলেও সরকার তাতে কর্ণপাত করছে না। বরং সরকারের নিজেদের দায়িত্বহীনতায় সৃষ্ট সংকট এখন বিরোধী দলের ওপর চাপানোর চেষ্টা চলছে।
আওয়ামী লীগের এ ধরনের অগ্নিসন্ত্রাস, হামলা ও বিস্ফোরণের ঘটনা কঠোর হাতে দমনে সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, অন্যথায় এসব ঘটনার ব্যর্থতার সম্পূর্ণ দায় সরকারকেই বহন করতে হবে।
ফ্যাসিস্টদের পুনরুত্থান ঠেকাতে অবিলম্বে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি সংবিধান ও রাষ্ট্রকাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তন আনার দাবি জানান তিনি। অন্যথায় জনগণের ন্যায্য দাবি আদায়ে জামায়াত কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন। একই সঙ্গে সাম্প্রতিক নাশকতায় ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করারও দাবি জানান তিনি।
শহীদ নূর হোসেন দিবসের বার্তা
এদিকে 'শহীদ নূর হোসেন দিবস' উপলক্ষ্যে দেওয়া এক পৃথক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ১৯৮৭ সালের ১০ নভেম্বর গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন নূর হোসেন। তার এই আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পরও দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত্তি কাঙ্ক্ষিত মাত্রায় সুদৃঢ় হয়নি। গণতন্ত্রের নামে ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক আধিপত্য, মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ এবং নাগরিক অধিকার হরণের প্রবণতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
গণতন্ত্রের প্রকৃত অর্থ হলো জনগণের ভোটাধিকার, রাজনৈতিক স্বাধীনতা, আইনের শাসন, জবাবদিহিমূলক সরকার ও মৌলিক অধিকার নিশ্চিত করা উল্লেখ করে বিবৃতিতে শহীদ নূর হোসেনের চেতনায় উজ্জীবিত হয়ে সব অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে দেশবাসীকে একাত্তরের মতো ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।
Comments