কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন: বাদ গেল জাতীয় ৪ নেতা ও ‘জয় বাংলা’
বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। এর মধ্যে জাতীয় চার নেতার নামে নামকরণ করা চারটি জাহাজ এবং 'জয় বাংলা' নামের একটি জাহাজ রয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে এই নাম পরিবর্তনের তথ্য জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে কোস্টগার্ডের মহাপরিচালকের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, কোস্টগার্ডের পাঠানো প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাহিনীর পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের সরকারি অনুমোদন দেওয়া হয়েছে।
যেসব জাহাজের নাম পরিবর্তন হলো:
পিসি ২০৮ নম্বর 'বিসিজিএস জয় বাংলা' জাহাজের নতুন নাম রাখা হয়েছে 'বিসিজিএস অদম্য বাংলা'।
পিএল ৭১ নম্বর 'বিসিজিএস সৈয়দ নজরুল' জাহাজের নতুন নাম 'বিসিজিএস ফিরোজ কবীর'।
পিএল ৭২ নম্বর 'বিসিজিএস তাজউদ্দীন' জাহাজের নতুন নাম 'বিসিজিএস নুরুল ইসলাম'।
পিএল ৭৩ নম্বর 'বিসিজিএস মনসুর আলী' জাহাজের নাম পরিবর্তন করে রাখা হয়েছে 'বিসিজিএস এম হাফিজুর কবীর'।
পিএল ৭৪ নম্বর 'বিসিজিএস কামরুজ্জামান' জাহাজের নতুন নাম দেওয়া হয়েছে 'বিসিজিএস আশরাফ সিদ্দিকী'।
কোস্টগার্ড সূত্র জানিয়েছে, নতুন নামকরণ করা এই চার ব্যক্তির সবাই বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ছিলেন, যারা দেশে ও দেশের বাইরে বিভিন্ন অভিযান পরিচালনা করতে গিয়ে শহীদ হয়েছেন।
Comments