মাত্র দুই ধাপেই মিলবে ড্রাইভিং লাইসেন্স, ফি ও নিয়ম জানাল বিআরটিএ
ড্রাইভিং লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া এখন আরও সহজ করা হয়েছে। নির্ধারিত নিয়ম অনুসরণ করে মাত্র দুই ধাপে সম্পন্ন করা যাবে এই আবেদনপ্রক্রিয়া। প্রথমে শিক্ষানবিশ (লার্নার) লাইসেন্স এবং পরবর্তীতে প্রশিক্ষণ ও পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্ত লাইসেন্সের জন্য আবেদন করতে হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার আবেদনপ্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র ও ফি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
প্রথম ধাপ (শিক্ষানবিশ লাইসেন্স): বিআরটিএ জানায়, প্রথম ধাপে বিআরটিএর সেবা পোর্টাল (বিএসপি)-এ অ্যাকাউন্ট খুলে অনলাইনে লার্নারের আবেদন করতে হবে। আবেদনের সময় জাতীয় পরিচয়পত্র, চিকিৎসা সনদ, ইউটিলিটি বিল এবং শিক্ষাগত যোগ্যতার সনদ জমা দিতে হবে। এক্ষেত্রে এক ক্যাটাগরির লাইসেন্সের জন্য ফি ৫১৮ টাকা এবং দুই ক্যাটাগরির জন্য ৭৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
দ্বিতীয় ধাপ (চূড়ান্ত লাইসেন্স): লার্নার লাইসেন্স পাওয়ার পর আবেদনকারীকে নির্ধারিত প্রশিক্ষণ নিতে হবে। এরপর লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিএসপি পোর্টালের মাধ্যমেই চূড়ান্ত লাইসেন্সের জন্য আবেদন করতে হবে।
চূড়ান্ত লাইসেন্সের ফি প্রসঙ্গে বিআরটিএ জানায়, অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য ৪,৬২৮ টাকা এবং পেশাদার লাইসেন্সের জন্য ২,৮৩২ টাকা জমা দিতে হবে। তবে পেশাদার লাইসেন্সের ক্ষেত্রে ডোপ টেস্টের সনদ জমা দেওয়া বাধ্যতামূলক। আবেদন অনুমোদিত হলে আবেদনকারী ই-ড্রাইভিং লাইসেন্স পাবেন। অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে।
Comments