প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নতুন সাজে সেজেছে খুলনা নগরী
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন খুলনা সফরকে কেন্দ্র করে নগরজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস। তবে এবার প্রচলিত রাজনৈতিক সাজসজ্জার বাইরে গিয়ে তোরণ, ব্যানার ও ফেস্টুনে শহর না ঢেকে পরিচ্ছন্ন, সুন্দর ও পরিবেশবান্ধব খুলনা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বিএনপি।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে মহানগরীকে নতুন রূপে সাজানোর পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন দলটির নেতাকর্মীরা। দিনরাত চলছে প্রস্তুতি। প্রধানমন্ত্রীর সফরকে স্মরণীয় করে রাখতে জাঁকজমকপূর্ণ তোরণ নির্মাণের পরিবর্তে নগরের সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে সভা, বর্ধিত সভা ও মতবিনিময়। দলীয় নেতাদের লক্ষ্য, পুরো আয়োজনের মধ্য দিয়ে একটি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাজনৈতিক সংস্কৃতির দৃষ্টান্ত তুলে ধরা।
প্রধানমন্ত্রীকে স্মরণকালের অন্যতম বৃহৎ সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করেছে খুলনা মহানগর ও জেলা বিএনপি। এ জন্য রূপসার কুদির বটতলা থেকে রূপসা বাইপাস সড়ক হয়ে শেরে বাংলা রোড, পাওয়ার হাউজ মোড় ঘুরে জেলা স্টেডিয়াম পর্যন্ত সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে অবস্থান নেবেন নেতাকর্মী ও সাধারণ মানুষ।
প্রিয় নেতাকে স্বাগত জানাতে পুরো পথজুড়ে শৃঙ্খলাবদ্ধ অবস্থানে থাকার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। সংবর্ধনা ঘিরে নগরজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।
Comments