ঢাকা থেকে সৌদিগামী ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজারো যাত্রীরা
সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ২১ হাজার ৯৩৩ জন যাত্রী। গত ১০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর রাত পর্যন্ত ঢাকা থেকে এসব গন্তব্যে যাওয়ার কথা থাকা মোট ১৪১টি ফ্লাইট বাতিল হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে এ তথ্য জানা গেছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৬৬টি সরাসরি এবং ৭৫টি ট্রানজিট ফ্লাইট।
সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট রয়েছে।
ট্রানজিট ফ্লাইটের ক্ষেত্রে সবচেয়ে বেশি বাতিল হয়েছে ইন্ডিগোর ২৯টি ফ্লাইট। এ ছাড়া এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালামএয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
এসব ফ্লাইটের বিভিন্ন দেশের বিমানবন্দর হয়ে রিয়াদ ও দাম্মামে যাওয়ার কথা ছিল। তবে সংশ্লিষ্ট দেশ থেকে ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীরা ঢাকা থেকেই এসব উড়োজাহাজে ভ্রমণের সুযোগ পাননি।
এর আগে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথির হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধের ঘোষণা আসে। দাম্মামেও হামলার ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট চলাচল স্থগিত রাখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
Comments