মাদকবিরোধী অভিযানে ভুল করিনি, সরকারের ভাবমূর্তি রক্ষার্থেই পদত্যাগ: ইশরাক হোসেন
মাদকবিরোধী অভিযানে অস্ত্র উঁচিয়ে ধাওয়া ও গুলি ছোড়ার ভয় দেখানোর ঘটনার সমালোচনার মুখে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে ইশরাক দাবি করেন, মাদকবিরোধী অভিযানে তিনি কোনো ভুল করেননি। তবে তাঁর এই কর্মকাণ্ডের কারণে সরকারের কোনো কার্যক্রম যেন প্রশ্নবিদ্ধ বা ম্লান না হয়, সে বিষয়টি বিবেচনা থেকেই তিনি মন্ত্রিত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গ টেনে ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য বলেন, 'আজ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আমি স্বেচ্ছায় পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছি এবং প্রধানমন্ত্রী তাতে সম্মতি দিয়েছেন।' তিনি আরও জানান, মন্ত্রণালয়ের দায়িত্বে না থাকলেও ঢাকা-৬ আসনসহ বিভিন্ন এলাকায় তাঁর মাদকবিরোধী অভিযান এবং জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।
এর আগে রোববারের পদত্যাগের গুঞ্জনকে উড়িয়ে দিলেও সোমবার সকালে ফেসবুকে পোস্ট দিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের পদত্যাগের কথা জানান ইশরাক। এদিকে সংবাদ সম্মেলন চলাকালে কক্ষটিতে নেতাকর্মীদের ভিড়ের কারণে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হলে, ইশরাকের নির্দেশে তারা বাইরে চলে যান।
Comments