দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
সৌদি আরবে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৮ অক্টোবর) তাকে মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। এ সময় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ও শিরশ্ছেদের ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে সরকার।
এর আগে শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে সরকার এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পায়নি। এ বিষয়ে বিস্তারিত জানতে সৌদি আরবের কাছে চিঠি পাঠানো হয়েছে।
ঘটনাটিকে বাংলাদেশের জন্য একটি বড় শিক্ষা হিসেবেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে বাংলাদেশ মিশনের শ্রম উইং থেকে পাওয়া তথ্যে জানা গেছে, মক্কার একটি মসজিদের ভেতরে 'ব্যভিচারে' জড়িত থাকার অভিযোগে ওই দুই বাংলাদেশির বিরুদ্ধে সৌদি আইনে ব্যবস্থা নেওয়া হয়। তবে এ বিষয়ে সৌদি সরকারের কাছ থেকে বাংলাদেশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পায়নি।
তিনি আরও জানান, দুই প্রবাসীর বিষয়ে বিস্তারিত জানতে সৌদি আরবকে চিঠি দেওয়া হয়েছে। দেশটির জবাব পাওয়ার পর তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে জানা যাবে।
Comments