অস্ত্র হাতে ইশরাকের অভিযান, তদন্তের নির্দেশ পুলিশের
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যাওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযানের সময় অস্ত্র প্রদর্শনের ক্ষেত্রে আইন লঙ্ঘন হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কোনো অনিয়ম বা আইনের ব্যত্যয়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম।
তিনি বলেন, ঘটনাটি তদন্তের জন্য ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
গত শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর ঢাকা-৬ আসনের একটি এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ সময় তার হাতে আগ্নেয়াস্ত্র দেখা যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে ইশরাককে 'এই ধর, ধর, ধর' বলে চিৎকার করতে দেখা যায়। ভিডিওতে তার হাতে একটি অস্ত্রও দেখা যায়। ওই দিন বিকেল ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করেন তিনি। পরে অবশ্য সেটি সরিয়ে নেওয়া হয়। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, 'ইশরাকের অ্যাকশন: মাদক আস্তানা গুঁড়িয়ে বিক্রেতাদের পুলিশে সোপর্দ'।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়া দেখা যায়। এর পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী দাবি করেন, অস্ত্র হাতে থাকলেও তিনি কাউকে ভয় দেখাননি বা গুলি করেননি। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদ্দেশ্যেই ওই অভিযান চালানো হয়েছে বলে জানান তিনি।
নিজের অবস্থান ব্যাখ্যা করে ইশরাক আরও বলেন, তার হাতে থাকা অস্ত্রটি বৈধ। জনপ্রতিনিধি হিসেবে নিজ সংসদীয় এলাকার মানুষের অভিযোগের ভিত্তিতে তিনি সেখানে গিয়েছিলেন। তার দাবি, ঢাকা-৬ আসনের গেন্ডারিয়া রেলস্টেশন-সংলগ্ন দয়াগঞ্জ ঘুণ্টিঘর এলাকায় মাদক ব্যবসা নিয়ে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছিলেন। বিষয়টি পুলিশকে জানানোর পরও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।
পুলিশ জানিয়েছে, অভিযানের সময় অস্ত্র ব্যবহারের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Comments