৭৬ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী এল নিনো আসছে ডিসেম্বরে
বিশ্বজুড়ে জলবায়ু ব্যবস্থায় বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি করে আরও শক্তিশালী হয়ে উঠছে প্রাকৃতিকভাবে সৃষ্ট আবহাওয়া চক্র 'এল নিনো'। আগামী ডিসেম্বরে এটি তার সর্বোচ্চ তীব্রতায় পৌঁছাবে বলে সতর্ক করেছে জাতিসংঘ। ১৯৫০ সালের পর গত ৭৬ বছরের ইতিহাসে এটিই সবচেয়ে শক্তিশালী এল নিনো হতে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক সংস্থাটি।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, এই প্রাকৃতিক আবহাওয়া পরিস্থিতির কারণে পৃথিবীর অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে। আর মানুষের সৃষ্ট জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব এই সংকটকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে।
বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) তাদের সাম্প্রতিক 'গ্লোবাল সিজনাল ক্লাইমেট আপডেট'-এ জানিয়েছে, আগামী ডিসেম্বরে পূর্বাভাস অনুযায়ী চরম পর্যায়ে পৌঁছানোর আগে এল নিনো আরও বেশি শক্তি সঞ্চয় করবে। এর প্রভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা অনেক বেশি থাকতে পারে এবং বৃষ্টিপাতের ধরনে বড় ধরনের পরিবর্তন আসবে, যা পরবর্তীতে তীব্র খরা ও ভয়াবহ বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়িয়ে দেবে।
এল নিনোর প্রভাবে মধ্য ও পূর্ব নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়, যার ফলে বিশ্বব্যাপী বায়ুপ্রবাহ, বায়ুচাপ এবং বৃষ্টির গতিপ্রকৃতি বদলে যায়। সাধারণত প্রতি দুই থেকে সাত বছর পর পর এই আবহাওয়া চক্রের দেখা মেলে এবং এটি প্রায় ৯ থেকে ১২ মাস পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। আবহাওয়ার এই গতিপ্রকৃতি সাধারণত এল নিনো এবং এর বিপরীত রূপ 'লা নিনা'-র মধ্যে আবর্তিত হয়, যার মধ্যবর্তী সময়কে স্বাভাবিক বা নিরপেক্ষ অবস্থা বলা হয়।
ডব্লিউএমও (WMO)-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর-নভেম্বর-ডিসেম্বর ত্রৈমাসিকে মধ্য ও পূর্ব গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরের পৃষ্ঠদেশের তাপমাত্রা রেকর্ড পরিমাণে বৃদ্ধির জোরালো পূর্বাভাস রয়েছে। বিশ্বের ১৩টি শীর্ষস্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক আবহাওয়া কেন্দ্রের তথ্যের ভিত্তিতে এই অভিন্ন পূর্বাভাস দেওয়া হয়েছে।
ডব্লিউএমওর প্রধান সেলেস্তে সাউলো সতর্ক করে বলেছেন, 'এল নিনো ইতিমধ্যে তার শক্ত অবস্থান তৈরি করেছে এবং অত্যন্ত দ্রুততার সঙ্গে শক্তি অর্জন করছে।' তিনি আরও বলেন, আমাদের পূর্বাভাস বলছে, এই আবহাওয়া পরিস্থিতি ২০২৭ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা প্রায় শতভাগ। ১৯৫০ সালের পর থেকে নথিভুক্ত হওয়া সর্বকালের সবচেয়ে শক্তিশালী এল নিনোগুলোর মধ্যে এটি অন্যতম হতে চলেছে।
Comments