জাতিসংঘ নিখুঁত নয়, তবে এর কোনো বিকল্প নেই: ড. খলিলুর রহমান
জাতিসংঘ নিখুঁত না হলেও এটি অত্যন্ত অপরিহার্য একটি প্রতিষ্ঠান এবং বর্তমান বিশ্বে এর কোনো বিকল্প অকল্পনীয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। এর আগে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী বক্তব্যেও তিনি এই বিষয়গুলো তুলে ধরেন।
পোস্টে ড. খলিলুর রহমান বলেন, 'জাতিসংঘ কোথায় পিছিয়ে পড়ছে, তা আমাদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে হবে। যেসব প্রক্রিয়া বা কার্যক্রম এখন আর কার্যকর নয়, সেগুলোতে অবশ্যই প্রয়োজনীয় সংস্কার আনতে হবে।'
তিনি আরও বলেন, 'আস্থা কখনো চেয়ে নেওয়া যায় না, এটি কাজের মাধ্যমে অর্জন করতে হয়।' এ সময় সিদ্ধান্ত গ্রহণের আলোচনায় আরও বেশি বৈচিত্র্য আনার ওপর জোর দিয়ে তিনি শিল্প খাতের শীর্ষ নেতা থেকে শুরু করে তরুণ পরিবর্তনকারীদের কণ্ঠস্বরকে যুক্ত করার আহ্বান জানান।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি উল্লেখ করেন, এবারের অধিবেশন এমন একটি জাতিসংঘ গড়ে তোলার অনন্য সুযোগ সৃষ্টি করেছে—যা বৈশ্বিক কঠিন বাস্তবতা মোকাবেলায় যথেষ্ট বাস্তববাদী, আমূল সংস্কারের জন্য যথেষ্ট সাহসী এবং প্রয়োজনীয় অংশীজনদের যুক্ত করার ক্ষেত্রে যথেষ্ট উন্মুক্ত। এভাবেই বৈশ্বিক এই সংস্থাকে ভবিষ্যতের উপযোগী করে তোলা সম্ভব বলে মনে করেন তিনি।
Comments