সাবেক মন্ত্রী নওফেলের স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এই আদেশ দেন।
দুদকের নিয়ম অনুযায়ী নির্ধারিত ছকে সম্পদ বিবরণী দাখিল না করা এবং ৮৪ লাখ ৩৫ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তা গোপন রাখার অভিযোগে ইমা ক্লেয়ার বার্টনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা দায়ের করেছে দুদক।
মামলার তদন্তকালে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে দুদক জানতে পারে যে, অভিযুক্ত ইমা ক্লেয়ার বার্টন গোপনে দেশত্যাগের চেষ্টা করছেন। তিনি পালিয়ে গেলে মামলার তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়া এবং গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র প্রাপ্তিতে দীর্ঘসূত্রতার আশঙ্কা রয়েছে। এসব বিষয় বিবেচনা করেই আদালত তার দেশত্যাগে এই নিষেধাজ্ঞা প্রদান করেন।
Comments