কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যা: দুই কিশোর সংশোধনাগারে, দুইজন কারাগারে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ও স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে বয়স কম হওয়ায় দুই কিশোরকে গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার চার আসামিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করা হয়।
আদালতের আদেশের বিষয়ে তিনি বলেন, দুই কিশোর মোজাম্মেল হোসেন ফাহাদ ও কামরুল হাসানকে সংশোধনাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। অপর দুই আসামি তুহিন (১৯) ও সিয়ামকে (১৯) কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। এদের মধ্যে সিয়ামকে এ মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার রাতে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান জানান, পুলিশ রাতে চার আসামিকে কারাগারে হস্তান্তর করেছে এবং আইনি প্রক্রিয়া শেষে দুই কিশোরকে সোমবার গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে।
উল্লেখ্য, গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল স্কুলছাত্র অপ্রতিম। নিখোঁজের একদিন পর শনিবার দুপুরে কুবি ক্যাম্পাসের পাশের লালমাই সানন্দা পাহাড় এলাকার একটি জঙ্গল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
রোববার দুপুরে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এক সংবাদ সম্মেলনে জানান, মূলত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতিমকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, রোববার রাতে গ্রেপ্তারকৃতদের মধ্যে সিয়াম ছাড়া অপর তিন আসামি আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ সাদেকুর রহমান।
Comments