নবায়নযোগ্য জ্বালানি ও বিনিয়োগে নরওয়েকে সহযোগিতার আহবান
নবায়নযোগ্য জ্বালানি, অফশোর অনুসন্ধান এবং সবুজ বিনিয়োগের ক্ষেত্রগুলোতে বাংলাদেশ ও নরওয়ের মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ খাতের স্বচ্ছতা বৃদ্ধি, সঠিক চাহিদা নিরূপণ এবং সিস্টেম লস কমানোর লক্ষ্যে 'পাওয়ার অডিটিং'-এ নরওয়ের কারিগরি ও আর্থিক সহায়তা চেয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্র্যান্ডসেন। বৈঠকে জ্বালানি খাতের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে অফশোর বিডিংয়ে নরওয়ের অংশগ্রহণ, নবায়নযোগ্য ও সোলার পাওয়ার খাতে সরাসরি বিনিয়োগ এবং বাংলাদেশের পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তরে নরওয়ের সহযোগিতা পাওয়ার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়।
জ্বালানিমন্ত্রী বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির রোডম্যাপ সফলভাবে বাস্তবায়নের জন্য আধুনিক প্রযুক্তি হস্তান্তর, কারিগরি প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তা বাড়ানোর ওপর জোর দেন।
বিদ্যুৎ খাতের সুশাসন ও স্বচ্ছতা আনতে সঠিক চাহিদা নির্ধারণ এবং সিস্টেম লস হ্রাসে পাওয়ার অডিটিং কার্যক্রমে নরওয়ের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
Comments