আপিল বিভাগ অনেকটা অকার্যকর হয়ে গেছে: ব্যারিস্টার খোকন
বিচারপতির সংকট ও দীর্ঘসূত্রতার কারণে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগটি অনেকটাই অকার্যকর হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
দীর্ঘ সাড়ে তিন দশকের বেশি সময় ধরে আইন পেশায় যুক্ত রয়েছেন উল্লেখ করে ব্যারিস্টার খোকন বলেন, 'আমার কাছে মনে হচ্ছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ অনেকটাই অকার্যকর হয়ে গেছে। এখানে পর্যাপ্ত বেঞ্চ ও কোর্ট নেই। আগে যেখানে ১১ জন বিচারপতি ছিলেন, সেখানে বর্তমানে বিচারপতির সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র পাঁচজনে।'
তিনি আরও বলেন, 'অনেক সময় জরুরি মামলা শুনানির জন্য নির্ধারণ হয়ে বিচারকের চেম্বারে যাওয়ার কথা থাকলেও তা সময়মতো আসে না। বর্তমান পরিস্থিতিতে মামলা শুনানি করানোই অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ যদি কার্যকরভাবে কাজ না করে, তবে এর বিরূপ প্রভাব পুরো বিচারব্যবস্থার ওপর পড়বে।' আইনজীবী ও বিচারপ্রার্থীদের মাঝে এই পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ রয়েছে বলেও জানান তিনি।
প্রধান বিচারপতির কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্ট বার সভাপতি বলেন, 'প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই মূলত নানা জটিলতার সৃষ্টি হয়েছে। কিন্তু সংকট নিরসনে তাঁর পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ আমরা দেখছি না।'
আইনজীবীদের কর্মপরিবেশ ও সুযোগ-সুবিধার কথা তুলে ধরে তিনি বলেন, 'আইন সংশোধন হওয়ার পর বার কাউন্সিল পরিচালনা করছে কর্তৃপক্ষ। হাজার হাজার আইনজীবীকে সনদ দেওয়া হলেও তাদের জন্য কোনো সুযোগ-সুবিধা বা যথাযথ কর্মপরিবেশ নিশ্চিত করা হয়নি। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিচারপতিদের বসার জন্য বহুতল ভবন নির্মিত হলেও আইনজীবীদের কল্যাণে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই।'
সম্প্রতি আপিল বিভাগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়ার ঘটনাটির তীব্র সমালোচনা করে ব্যারিস্টার খোকন বলেন, 'একজন আইনজীবী ভুল করতেই পারেন, তাই বলে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হবে? তিনি তো একজন জুনিয়র আইনজীবী, এত টাকা তিনি কোথায় পাবেন? এই শাস্তির পর সমাজে তিনি মুখ দেখাবেন কীভাবে বা কোনো মক্কেল তার কাছে আসবে কেন? এটি একটি নজিরবিহীন ঘটনা।'
এ সময় অ্যাটর্নি জেনারেলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। বিচার বিভাগকে সচল করতে আইনজীবীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে খুব শীঘ্রই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
Comments