মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশ ইতিবাচকভাবে বিবেচনা করবে: পররাষ্ট্রমন্ত্রী
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত 'মক্কা প্যাক্ট' বা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়ে প্রস্তাব পেলে তা ইতিবাচকভাবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
সম্প্রতি সম্পন্ন হওয়া এই চুক্তিটিকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ। তবে এতে যোগদানের বিষয়টি সম্পূর্ণভাবে প্যাক্টের সদস্য দেশগুলোর অভিপ্রায়ের ওপর নির্ভর করছে। পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন, সদস্য দেশগুলো যদি বাংলাদেশকে এই প্যাক্টে অন্তর্ভুক্ত করার আগ্রহ প্রকাশ করে, তবে সরকার তা নিশ্চিতভাবেই ইতিবাচকভাবে বিবেচনা করবে।
চুক্তিটির ভালোমন্দ নিয়ে বিস্তারিত আলোচনার সময় এখনো আসেনি উল্লেখ করে তিনি বলেন, এই প্যাক্টটি বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা এবং এটি আমাদের 'মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়'। তাই এ নিয়ে অন্য কারও উদ্বেগের কোনো কারণ নেই।
সংসদের প্রশ্নপর্বে এই আঞ্চলিক প্রতিরক্ষা চুক্তি এবং মুসলিম বিশ্বের নিরাপত্তা সহযোগিতা নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করেন পররাষ্ট্রমন্ত্রী।
Comments