অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়েছে: জ্বালানিমন্ত্রী
দেশে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্যের কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ করে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই কথা জানান।
জ্বালানিমন্ত্রী বলেন, অবৈধ অটোরিকশার অতিরিক্ত চাহিদার ফলে বিদ্যুতের ওপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে। এসব অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে সংশ্লিষ্টরা উল্টো হামলা চালায়। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আরও তিনটি নতুন এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনার কথা জানান মন্ত্রী। এর অংশ হিসেবে ১০-১২ দিন আগে একটি নতুন টার্মিনালের জন্য আদেশ দেওয়া হয়েছে।
জ্বালানি সরবরাহ বাড়াতে মোংলা-হিরন পয়েন্ট এলাকায় আরেকটি নতুন এলএনজি টার্মিনাল স্থাপন করা হবে বলে জানান তিনি।
বর্তমানে জ্বালানি তেল নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে উল্লেখ করে মন্ত্রী দেশবাসীকে এসব গুজবে কান না দেওয়ার জোরালো আহ্বান জানান।
Comments