বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী
বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
অ্যামচেম বাংলাদেশের সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল এই সৌজন্য সাক্ষাৎয়ে অংশ নেয়। প্রায় দুই মাস আগে দায়িত্ব নেওয়া নতুন এই কমিটি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ আরও বৃদ্ধি এবং দুদেশের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক জোরদারে কাজ করে যাচ্ছে বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন প্রতিনিধিরা।
এ সময় প্রধানমন্ত্রী দেশের বর্তমান বিনিয়োগবান্ধব পরিবেশের কথা তুলে ধরে বিদেশি বিনিয়োগকারীদের পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উচ্চপর্যায়ের এই বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ,বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী
Comments