ব্যাংক দেউলিয়া হলে আমানতকারীর টাকার কী হয়?
ব্যাংকে টাকা রাখার সময় খুব কম মানুষই ভাবেন—যে ব্যাংকটিকে এতদিন নিরাপদ মনে করে আসছেন, সেটিই যদি কোনো একদিন আর্থিক সংকটে পড়ে?
আরও কম মানুষ ভেবে দেখেন, ব্যাংকটি দেউলিয়া বা অবসায়িত হলে তাঁর সঞ্চয়ের কী হবে?
অথচ একজন আমানতকারীর জন্য এই প্রশ্নটি মোটেই অমূলক নয়। কারণ ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে শুধু টাকা নয়, মানুষের দীর্ঘদিনের সঞ্চয়, ভবিষ্যতের পরিকল্পনা এবং আর্থিক নিরাপত্তা জড়িয়ে থাকে।
আমরা অনেক সময় মনে করি, ব্যাংকে জমা দেওয়া টাকা বুঝি আলাদা করে কোনো ভল্টে সংরক্ষণ করা থাকে। বাস্তবে ব্যাংকিং ব্যবস্থা এভাবে কাজ করে না। গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত আমানতের একটি বড় অংশ ব্যাংক ঋণ হিসেবে ব্যবসা ও ব্যক্তিকে দেয়। পাশাপাশি অর্থের একটি অংশ বিভিন্ন বিনিয়োগ, তারল্য ব্যবস্থাপনা এবং ব্যাংকের দৈনন্দিন কার্যক্রমে ব্যবহৃত হয়। অর্থাৎ ব্যাংকের কাছে জমা রাখা টাকা ব্যাংকের আর্থিক কর্মকাণ্ডেরই অংশ হয়ে যায়।
সমস্যা তৈরি হয় যখন কোনো ব্যাংকের ঋণের বড় অংশ খেলাপি হয়ে যায়, বিনিয়োগে বড় ধরনের লোকসান হয় কিংবা ব্যাংক প্রয়োজনের সময় নগদ অর্থের জোগান দিতে ব্যর্থ হয়। তখন আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার সক্ষমতাও প্রশ্নের মুখে পড়ে। পরিস্থিতি গুরুতর হলে নিয়ন্ত্রক সংস্থা ব্যাংকের কার্যক্রমে হস্তক্ষেপ করতে পারে, পুনর্গঠনের উদ্যোগ নিতে পারে, অন্য কোনো ব্যাংকের সঙ্গে একীভূত করতে পারে কিংবা শেষ পর্যন্ত অবসায়নের পথে যেতে পারে।
এমন পরিস্থিতিতে আমানতকারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরক্ষা ব্যবস্থাগুলোর একটি হলো ডিপোজিট ইন্স্যুরেন্স বা আমানত বীমা।
বাংলাদেশে আমানত সুরক্ষার এই ব্যবস্থায় নির্দিষ্ট সীমা পর্যন্ত আমানতকারীর অর্থ সুরক্ষিত থাকে। 'আমানত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫' ২০২৬ সালে আইনে পরিণত হওয়ার পর একজন আমানতকারীর জন্য সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণের বিধান রয়েছে।
বিষয়টি উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরুন, একটি ব্যাংকে আপনার ৫ লাখ টাকা জমা রয়েছে। ব্যাংকটি যদি অবসায়িত হয়, তাহলে ডিপোজিট ইন্স্যুরেন্সের আওতায় পুরো ৫ লাখ টাকা স্বয়ংক্রিয়ভাবে ফেরত পাওয়ার নিশ্চয়তা নেই। নির্ধারিত সীমা অনুযায়ী সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত সুরক্ষা প্রযোজ্য হবে।
তবে এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ২ লাখ টাকার বেশি জমা থাকলেই যে বাকি টাকা নিশ্চিতভাবে হারিয়ে যাবে—বিষয়টি এমন নয়।
আমানত বীমার সীমার বাইরে থাকা অর্থ ফেরত পাওয়ার বিষয়টি নির্ভর করবে সংশ্লিষ্ট ব্যাংকের সম্পদ, দায় এবং অবসায়ন প্রক্রিয়ার ওপর। ব্যাংকের ঋণ, বিনিয়োগ ও অন্যান্য সম্পদ উদ্ধার করে আইন অনুযায়ী পাওনাদারদের মধ্যে অর্থ বিতরণ করা হতে পারে। ফলে কোনো বড় আমানতকারীর ২ লাখ টাকার বেশি অর্থের একটি অংশ বা ক্ষেত্রবিশেষে আরও বেশি অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। তবে সেটি তাৎক্ষণিক বা নিশ্চিত নয়; ব্যাংকের প্রকৃত আর্থিক অবস্থার ওপরই নির্ভর করবে কত টাকা এবং কত সময়ে ফেরত পাওয়া যাবে।
এখানেই আমানত বীমা ব্যবস্থার মূল উদ্দেশ্যটি পরিষ্কার হয়। এর লক্ষ্য প্রতিটি আমানতকারীর পুরো অর্থের নিশ্চয়তা দেওয়া নয়; বরং কোনো ব্যাংক বন্ধ হয়ে গেলে সাধারণ আমানতকারীর ক্ষতি সীমিত করা এবং ব্যাংকিং ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ধরে রাখা।
কারণ ব্যাংকিং ব্যবস্থা অনেকটাই আস্থার ওপর দাঁড়িয়ে আছে। একটি ব্যাংক সমস্যায় পড়েছে—এমন খবর ছড়িয়ে পড়লে আমানতকারীরা যদি আতঙ্কিত হয়ে একসঙ্গে টাকা তুলে নিতে শুরু করেন, তাহলে ব্যাংকের তারল্য সংকট আরও তীব্র হতে পারে। এমন পরিস্থিতিকে ব্যাংকিং ভাষায় 'ব্যাংক রান' বলা হয়। কোনো কোনো ক্ষেত্রে একটি ব্যাংকের সংকট তখন অন্য ব্যাংক ও সামগ্রিক আর্থিক ব্যবস্থার ওপরও চাপ তৈরি করতে পারে।
এই ঝুঁকি কমাতেই কেন্দ্রীয় ব্যাংক ও নিয়ন্ত্রক সংস্থাগুলো ব্যাংকের মূলধন পর্যাপ্ততা, তারল্য, ঋণের মান, খেলাপি ঋণ এবং ঝুঁকি ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করে। কোনো ব্যাংক দুর্বল হয়ে পড়লে সেটিকে পুনর্গঠন, একীভূতকরণ বা অন্য উপায়ে স্থিতিশীল করার উদ্যোগ নেওয়ার কারণও এটাই—একটি ব্যাংকের সমস্যা যেন পুরো ব্যাংকিং ব্যবস্থা আস্থার সংকটে পরিণত না হয়।
তবে আমানতকারীর নিজেরও কিছু দায়িত্ব আছে। ব্যাংকে টাকা রাখার সময় শুধু সুদের হার কত—সেটি দেখলেই হবে না। ব্যাংকের আর্থিক স্বাস্থ্য, সুনাম, ব্যবস্থাপনা এবং ঝুঁকির বিষয়গুলোও বিবেচনায় নেওয়া জরুরি। বিশেষ করে বড় অঙ্কের সঞ্চয় থাকলে সব অর্থ এক জায়গায় না রেখে বিভিন্ন ব্যাংকে ভাগ করে রাখার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
সবশেষে মনে রাখা দরকার, ব্যাংক দেউলিয়া হওয়া কোনো সাধারণ ঘটনা নয় এবং ব্যাংকে টাকা রাখার অর্থও এই নয় যে যেকোনো সময় পুরো সঞ্চয় হারিয়ে যেতে পারে। বরং ব্যাংকিং ব্যবস্থায় নিয়ন্ত্রণ, তদারকি, পুনর্গঠন এবং আমানত সুরক্ষার মতো একাধিক স্তরের ব্যবস্থা রয়েছে।
তবু একজন সচেতন আমানতকারীর জানা উচিত—তাঁর ব্যাংক সমস্যায় পড়লে কী ধরনের সুরক্ষা তিনি পাবেন, ডিপোজিট ইন্স্যুরেন্সের সীমা কত এবং সীমার বাইরে থাকা অর্থের কী পরিণতি হতে পারে। কারণ আর্থিক নিরাপত্তা শুধু বেশি টাকা সঞ্চয় করার মধ্যে নয়; সঞ্চয় কোথায়, কীভাবে এবং কতটা সুরক্ষিত—সেটি জানার মধ্যেও রয়েছে।
Comments