জ্বালানি আমদানিতে প্রায় ২ বিলিয়ন ডলার ব্যয়: জ্বালানিমন্ত্রী
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত জ্বালানি আমদানিতে প্রায় ২ বিলিয়ন ডলার ব্যয় করতে হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আমদানি ব্যয় বৃদ্ধি পাওয়ায় দেশের বিদ্যুৎ উৎপাদন খরচও বেড়েছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর বড় ধরনের চাপ তৈরি করছে।
সোমবার (২০ জুলাই) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 'ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)' আয়োজিত 'উন্নয়নের কণ্ঠস্বর' শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
বক্তব্যে সাবেক সরকারের নীতি ও পরিকল্পনার সমালোচনা করে জ্বালানিমন্ত্রী বলেন, বিগত সরকার সমুদ্রসীমা জয় করলেও সামুদ্রিক জ্বালানি সম্পদ আহরণে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। অথচ এ সময়ে প্রতিবেশী দেশগুলো সমুদ্রের প্রাকৃতিক সম্পদ ব্যবহারে অনেক দূর এগিয়ে গেছে।
নবায়নযোগ্য জ্বালানি খাতের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, দেশে ১০ হাজার মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে সরকার। ব্যক্তি ও বাণিজ্যিক পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার উৎসাহিত করতে এবারের বাজেটে বিশেষ কর শিথিলের ব্যবস্থা রাখা হয়েছে।
একটি সমাজকল্যাণমুখী রাষ্ট্র গঠনে নবায়নযোগ্য জ্বালানি খাতে উন্নয়ন সহযোগীদের আরও বেশি বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার একটি টেকসই ও সামাজিক কল্যাণমুখী রাষ্ট্র গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
Comments