সিটিটিসি ও এটিইউ বিলুপ্ত করে গঠিত হচ্ছে নতুন ইউনিট ‘এসএসইউ’
দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশের দুটি বিশেষায়িত শাখা— কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এবং অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) নাম পরিবর্তন ও পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দুটি সংস্থাকে একীভূত বা পুনর্গঠন করে নতুন নাম দেওয়া হচ্ছে 'স্পেশাল সিকিউরিটি ইউনিট (এসএসইউ)'। আজ মঙ্গলবার (৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নতুন এই ইউনিটটি উগ্রবাদ দমনের পাশাপাশি ট্রান্সন্যাশনাল ক্রাইম বা আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় কাজ করবে।
পুলিশ সদর দপ্তর (পিএইচকিউ) জানিয়েছে, বৈশ্বিক ও অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকির ধরন দ্রুত পরিবর্তন হচ্ছে। সহিংস উগ্রবাদের পাশাপাশি নতুন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও বিস্তৃত ও শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো প্রয়োজন। এই যুক্তিতে গত ৭ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক প্রস্তাবে এটিইউর নাম পরিবর্তন করে 'স্পেশাল সিকিউরিটি ইউনিট (এসএসইউ)' করার অনুমোদন চাওয়া হয়।
এরই ধারাবাহিকতায়, গত ৮ জুন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে পাঠানো এক চিঠিতে ডিএমপির বিশেষায়িত ইউনিট 'সিটিটিসি'-এর নাম পরিবর্তন করে 'স্পেশাল সিকিউরিটি ইউনিট-ডিএমপি (এসএসইউ-ডিএমপি)' করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসেন গণমাধ্যমকে বলেন, "বিশেষায়িত ইউনিটগুলোর কার্যকারিতা ও সক্ষমতা আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই সাংগঠনিক পুনর্গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে নাম ও কাঠামো বদলালেও তাদের মূল নিরাপত্তাসংক্রান্ত দায়িত্ব ও উগ্রবাদ বিরোধী কার্যক্রম বহাল থাকবে।"
পাশাপাশি উগ্রবাদ দমনে কঠোর অবস্থানের কথা জানিয়ে পুলিশ সদর দপ্তর স্পষ্ট করেছে যে— মার্শাল আর্ট, কারাতে বা অন্য যেকোনো প্রশিক্ষণের নামে উগ্রবাদী মতামত প্রচার বা উদ্বুদ্ধ করা যাবে না। এমন কোনো কার্যক্রমের প্রমাণ পেলে পুলিশ তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা গ্রহণ করছে।
নিরাপত্তা হুমকি ও আধুনিক অপরাধ দমনে পুলিশে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন আসছে। বিলুপ্ত বা রূপান্তরিত হচ্ছে পরিচিত দুই ইউনিট সিটিটিসি এবং এটিইউ।
Comments