৮২ দিন পর ফিরছে নওগাঁর ৫ সন্তান, তবে কফিনে
স্বপ্ন নিয়ে গিয়েছিলেন সৌদি আরব, ফিরছেন কফিনে। রিয়াদের সোফা কারখানার আগুনে পুড়ে নিহত আত্রাইয়ের ১১ জনের মধ্যে শেষ ৪ জনের মরদেহ অবশেষে দেশে ফিরছে। ৮২ দিনের অপেক্ষার অবসান হচ্ছে, তবে এই ফেরা আনন্দের নয়, গভীর শোকের। নওগাঁর আত্রাই গত আড়াই মাস ধরে এখানে শুধু কান্না আর অপেক্ষা। গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ আগুনে ১৬ জন বাংলাদেশি পুড়ে মারা যান। তাদের মধ্যে ১১ জনই আত্রাইয়ের সন্তান। প্রথম দফায় ৯ জনের পরিচয় ফিঙ্গারপ্রিন্টে মিললে ২৬ আগস্ট দেশে ফেরে ৭ জন আত্রাইয়ের সন্তানের মরদেহ। কিন্তু পুড়ে যাওয়ায় বাকি ৭ জনের পরিচয় শনাক্ত করা যায়নি। প্রয়োজন হয় ডিএনএ পরীক্ষার। দীর্ঘ ৮২ দিন পর ডিএনএ-তে পরিচয় মিলেছে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ২৯ অক্টোবরের চিঠি অনুযায়ী, শনিবার ৩১ অক্টোবর সকাল ৮টা ৫ মিনিটে বিমান বাংলাদেশের BG-336 ফ্লাইটে দেশে ফিরছে সেই ৭ জনের মরদেহ। দ্বিতীয় দফায় যারা আসছেন - আত্রাইয়ের - ৪ জন - নলডাঙ্গা, নাটোর - ২ জন - নওগাঁ সদর - ১ জন খবরটি পৌঁছানোর পর থেকেই আত্রাইয়ের ৪টি বাড়িতে আবারও কান্নার রোল পড়েছে। দীর্ঘদিন লাশের অপেক্ষায় থাকা মা-বাবা এখন শেষবারের মতো সন্তানের মুখ দেখার অপেক্ষায়। রেমিট্যান্স যোদ্ধার কফিন আসবে, কিন্তু স্বপ্নগুলো আর ফিরবে না। একটি দুর্ঘটনা, ১১টি পরিবার, পুরো আত্রাই আজ শোকে পাথর। প্রবাসে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি এখন আত্রাইয়ের প্রতিটি মানুষের।
Comments