কারিগরি শিক্ষায় অর্ধেকের বেশি শিক্ষক পদ শূন্য: শিক্ষামন্ত্রী
কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনুমোদিত ১৫ হাজার ৮৪৪টি শিক্ষক পদের মধ্যে বর্তমানে ৮ হাজার ৪৮৬টি পদই শূন্য রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, দুই হাজার ২০৪ শূন্য পদে নিয়োগের সুপারিশ চেয়ে সরকারি কর্মকমিশনে (পিএসসি) চাহিদা পাঠানো হয়েছে।
রোববার জাতীয় সংসদে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর পৃথক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।
নারায়ণগঞ্জ–৪ আসনের এনসিপির এমপি আবদুল্লাহ আল আমিন এবং যশোর–৬ আসনের জামায়াতের মো. মোক্তার আলীর পৃথক প্রশ্নে শিক্ষামন্ত্রী জানান, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণিতে সাধারণ ধারার শিক্ষার্থীদের জন্য 'কারিগরি শিক্ষা' এবং 'লার্নিং উইথ হ্যাপিনেস' নামে নতুন পাঠ্যপুস্তক চালু করা হবে।
মন্ত্রী জানান, বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ইনস্ট্রাক্টর (৯ম গ্রেড) ও জুনিয়র ইনস্ট্রাক্টর (১০ম গ্রেড) পদে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে বিসিএস (ক্যাডার ও নন-ক্যাডার) পরীক্ষার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। ৪৫তম বিসিএসে পিএসসি ৯৭ জন ক্যাডার এবং ৩৪৯ জন নন-ক্যাডার শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে। পুলিশ ভেরিফিকেশন শেষে তাদের নিয়োগ দেওয়া হবে। শিক্ষার্থীরা কারিগরি শিক্ষার বিভিন্ন ক্ষেত্র, প্রয়োজনীয় দক্ষতা, কর্মসংস্থান এবং উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে ধারণা লাভ করবে।
শিক্ষামন্ত্রী বলেন, পদোন্নতির মাধ্যমেও শূন্য পদ পূরণ করা হয়ে থাকে। তবে পদোন্নতিযোগ্য চার হাজার ১৩১ শিক্ষক ও কর্মচারীর পদে কর্মরত জনবল না থাকায়, পদোন্নতি দেওয়া সম্ভব হচ্ছে না।
শিক্ষামন্ত্রী বলেন, মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের কর্মদক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণিতে সাধারণ ধারার শিক্ষার্থীদের জন্য 'কারিগরি শিক্ষা' বিষয়ে নতুন একটি পাঠ্যপুস্তক চালু করা হবে।
আবদুল্লাহ আল আমিনের পৃথক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, পাহাড়ি অঞ্চলে যেসব ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রয়েছে তাদের ভাষাগত প্রতিবদ্ধকতা নিরসনে চাকমা, মারমা, ত্রিপুরা, সাদরি ও গারো মাতৃভাষা ভিত্তিক বহুভাষিক শিক্ষা (এমএলই) কার্যক্রম শুরু হয়েছে। চাকমা, গারো, মারমা, ত্রিপুরা ও সাদারি ভাষায় পাঠদানে শিক্ষকদের প্রশিক্ষণ শুরু হয়েছে।
কক্সবাজার–৩ আসনের সরকারদলীয় সদস্য লুৎফুর রহমান এবং ময়মনসিংহ–৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদের প্রশ্নে শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে দেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১৭৪টি। এর মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয় ৫৬টি। বেসরকারি বিশ্ববিদ্যালয় ১১৬টি এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ২টি। সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সাধারণ বিশ্ববিদ্যালয় ৩০টি, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৮টি এবং প্রকৌশল, কৃষি, মেডিকেল ও অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয় ৮টি রয়েছে।
গাইবান্ধা-৫ আসনের জামায়াত এমপি আবদুল ওয়ারেছের প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, অবসর সুবিধা বোর্ডে প্রায় ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন আছে। একজন শিক্ষক-কর্মচারী গড়ে প্রায় ১৩ লাখ টাকা অবসর ভাতা পেয়ে থাকেন। এসব আবেদন নিষ্পত্তিতে ৮ হাজার ৭১০ কোটি টাকা প্রয়োজন হলেও, তহবিলে এক হাজার ৩০০ কোটি রয়েছে।
Comments