চট্টগ্রামে সড়কের নিচে গ্যাস লিকেজ, আগুনে আতঙ্ক
চট্টগ্রাম নগরের ফয়স লেক এলাকার জাকির হোসেন সড়কে মাটির নিচে থাকা গ্যাসের পাইপলাইনে লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২৮ জুন) দুপুর ১টার দিকে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, সড়কের পাশের একটি নালার ভেতর দিয়ে গ্যাসের পাইপলাইনটি গেছে। হঠাৎ পাইপলাইন থেকে প্রবল বেগে গ্যাস বের হতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে আগুন জ্বলে ওঠে। সড়কের নিচ থেকে আগুনের শিখা বের হতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে ওই সড়কে যান চলাচল সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণ করা হয়।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, ৯৯৯ নম্বর থেকে ফোন পাওয়ার পর আমাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কর্মীদের তৎপরতায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে পাইপলাইন লিকেজের কারণ অনুসন্ধান করছে কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি (কেজিডিসিএল)। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক মো. তাজউদ্দিন ঢালী বলেন, কীভাবে পাইপলাইনটি লিকেজ হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের কারিগরি দল ঘটনাস্থলে কাজ করছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Comments