আরও জনশক্তি রপ্তানিতে মালয়েশিয়ার সঙ্গে আলোচনা
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন মালয়েশিয়া সফরে দেশটির শ্রমবাজারে বাংলাদেশ থেকে আরও কর্মী নেওয়ার আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব আসাদ আল সিয়াম। শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
আসাদ আল সিয়াম বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের আরও কর্মী নেওয়ার জন্য আমরা অনুরোধ করব। তবে আপনারা জানেন, মালয়েশিয়া বর্তমানে শুধু বাংলাদেশের নয়, বরং ইন্দোনেশিয়া, পাকিস্তানসহ সব দেশের বিদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়া পর্যালোচনার মধ্যে রেখেছে। আমরা আশা করি, এই রিভিউ প্রক্রিয়া শেষ হলে বাংলাদেশ অগ্রাধিকার পাবে।
তিনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হবে। তবে মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ককে শুধু শ্রমবাজারের মধ্যে সীমাবদ্ধ না রেখে আরও বিস্তৃত পরিসরে দেখতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ থেকে ২২ জুন মালয়েশিয়া সফর করবেন। গত ফ্রেবুয়ারিতে সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম বিদেশ সফর। এরপর তিনি যাবেন চীনে। প্রধানমন্ত্রী সোমবার রাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে পাঁচ দিনের সফরে চীনে পৌঁছাবেন।
মালয়েশিয়া-চীনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী কতজন?
দুই দেশ মিলিয়ে ছয় দিন সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসঙ্গী হিসেবে মালয়েশিয়ায় থাকবেন ২৭ জন এবং চীনে ২৮ জন। এ প্রসঙ্গে পররাষ্ট্রসচিব বলেন, সফরসঙ্গী যৌক্তিক পর্যায়ে রাখার চেষ্টা করা হয়েছে।
পররাষ্ট্রসচিব জানান, মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন- পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন প্রমুখ।
অন্যদিকে, সফরসঙ্গী হিসেবে চীন যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন প্রমুখ।
Comments