সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমার কথা: অর্থমন্ত্রী
সরকারি চাকুরিজীবীদের দীর্ঘ ১১ বছর ধরে কোনো নতুন পে-স্কেল বা বেতন কাঠামো হয়নি উল্লেখ করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাড়লে দুর্নীতি কমার কথা।
শুক্রবার (১২ জুন) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রস্তাবিত বাজেটের সার্বিক দিক ও চুলচেরা বিশ্লেষণ তুলে ধরার সময় তিনি এসব কথা বলেন।
বাজেট-পরবর্তী এই সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি এবং সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার নানা দিক নিয়ে কথা বলেন। বৈশ্বিক সংকটের কারণে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে চড়া দামে জ্বালানি তেল কিনতে হচ্ছে। এই সংকট কাটাতে সরকার তেল, গ্যাস ও সারের মজুত বাড়ানোর দিকে বিশেষ নজর দেবে।
গত দেড় দশক ধরে দেওয়া বাজেটগুলোতে জনগণের প্রকৃত আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, 'মাত্র দেড়-দুই মাসে একটি পূর্ণাঙ্গ বাজেট তৈরি করা যথেষ্ট নয়। তবে এবারের বাজেটটি সব শ্রেণির মানুষের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে।'
মূল্যস্ফীতি বর্তমানে অনেক বেড়ে গেছে স্বীকার করে অর্থমন্ত্রী বলেন, 'কেবল পুলিশ বা জোর খাটানোর মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। বরং সুনির্দিষ্ট নীতি এবং বাজার ব্যবস্থাপনার আমূল উন্নতি ঘটিয়েই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে হবে।'
নৈতিক ভিত্তির ওপর দাঁড়িয়ে দেশ পরিচালনার চেষ্টা চলছে জানিয়ে তিনি আশ্বস্ত করেন, সরকারি খরচে যেন কোনো ধরনের অপচয় না হয়, সেটি কঠোরভাবে বিবেচনা করে তবেই নতুন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।
Comments