নারায়ণগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, মায়ের বুদ্ধিমত্তায় যুবক আটক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে হিমেল নামের ২১ বছর বয়সী এক তরুণকে আটক করেছে পুলিশ। বুধবার (১০ জুন) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের গোদনাইল এসও রোড এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনার পর ভুক্তভোগী শিশুর মায়ের বিচক্ষণতায় অভিযুক্ত যুবককে ঘরের ভেতর আটকে রাখা সম্ভব হয়। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং অভিযুক্তকে হেফাজতে নেয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আটক হওয়া হিমেল এলাকায় বখাটে হিসেবে পরিচিত এবং সে মাদকাসক্ত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটির পরিবার এবং অভিযুক্ত হিমেল ওই এলাকার সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের বাড়ির পাশাপাশি দুটি ফ্ল্যাটে ভাড়া থাকেন। বুধবার বিকেলে হিমেল প্রতিবেশী ওই শিশুটিকে কৌশলে নিজের ঘরে ডেকে নেয়। এরপর সে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালালে শিশুটি চিৎকার শুরু করে। মেয়ের চিৎকার শুনে মা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং নিজের সন্তানকে উদ্ধার করেন। একই সাথে তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে হিমেলকে ঘরের ভেতর আটকে ফেলেন এবং প্রতিবেশীদের বিষয়টি জানান।
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন এবং ওই বাড়িটি ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে পুরো এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতার ভিড় সামাল দিতে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে অবহিত করা হয়। সংবাদ পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত সেখানে পৌঁছায় এবং অবরুদ্ধ ঘর থেকে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত হিমেলের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, 'আট বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা অভিযুক্তকে ঘরের মধ্যে আটকে রাখেন। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।'
Comments