সব এলাকার সমান উন্নয়ন হবে, দল দেখা হবে না: সংসদে প্রধানমন্ত্রী
দেশের সার্বিক ও সুষম উন্নয়নের স্বার্থে রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে সরকারি ও বিরোধী দল—সব সংসদ সদস্যের (এমপি) নির্বাচনী এলাকায় সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১০ জুন) জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে প্রধানমন্ত্রী সরকারের এই বৈষম্যহীন উন্নয়ন নীতির কথা স্পষ্ট করেন। তিনি বলেন, "সরকারদলীয় সদস্যরা যেভাবে নিজ নিজ এলাকায় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করবেন, ঠিক একইভাবে বিরোধী দলের সদস্যদের এলাকাতেও সমানভাবে উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে।"
দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দেশের তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন:বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বর্তমানে ঋণের সুদের হার পর্যালোচনা করা হচ্ছে। শিল্প ও উৎপাদন খাতে গতি ফেরাতে সরকার সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
দেশের প্রান্তিক মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বড় পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী: এ পর্যন্ত দেশের ৬০ হাজার পরিবারকে 'ফ্যামিলি কার্ড' সুবিধার আওতায় আনা হয়েছে। আগামী অর্থবছর থেকে এই কর্মসূচির ব্যাপক সম্প্রসারণ করা হবে। নতুন করে আরও ৪১ লাখ ২০ হাজার পরিবারকে এই ফ্যামিলি কার্ড সুবিধার আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।
পরিবেশ ও জলবায়ু সুরক্ষা: ২৫ কোটি গাছ লাগানোর মেগা প্রজেক্ট
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, দেশের তাপমাত্রা সহনশীল রাখা এবং পরিবেশ দূষণ কমাতে সরকার বড় ধরণের পরিবেশগত উদ্যোগ হাতে নিয়েছে। আগামী ৫ বছরে দেশজুড়ে সর্বমোট ২৫ কোটি গাছ লাগানোর মহাপরিকল্পনা নিয়েছে সরকার। এর মধ্যে আসন্ন বর্ষা মৌসুমেই প্রাথমিক ধাপ হিসেবে ৩ কোটি ১৪ লাখ গাছ রোপণ করা হবে।
দেশের জলাশয়গুলোর পানি প্রবাহ স্বাভাবিক রাখা, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং বর্ষায় জলাবদ্ধতা নিরসনে সরকার ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ৯৫৬ কিলোমিটার খাল খনন সম্পন্ন করেছে।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে পুনর্ব্যক্ত করেন যে, টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে একটি আধুনিক রাষ্ট্র বিনির্মাণে তার সরকার সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে।
Comments