ঢাকা দক্ষিণের ৬০ শতাংশ বাড়িতেই ডেঙ্গুর লার্ভা: ডিএসসিসি প্রশাসক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আওতাধীন এলাকার ৬০ শতাংশ বাড়িতেই ডেঙ্গু ছড়ানোর প্রধান মাধ্যম এডিস মশার লার্ভা পাওয়া গেছে। আজ শুক্রবার (৫ জুন) রাজধানীর ওয়ারীতে আয়োজিত এক পুনর্মিলনী অনুষ্ঠানে এই উদ্বেগজনক তথ্য জানান ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম।
এ সময় তিনি এডিস মশার বংশবৃদ্ধি রোধে এবং ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে নগরবাসীকে নিজ নিজ বাড়ি ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
ডিএসসিসি প্রশাসক বলেন, "আমাদের চালানো জরিপ ও অভিযানে দেখা গেছে, প্রায় ৬০ শতাংশ বাড়িতেই এডিস মশার লার্ভা রয়েছে। বাড়ির উঠান, ছাদ কিংবা ফুলের টবে যাতে কোনোভাবেই পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সর্বোচ্চ সচেতন হতে হবে। নাগরিকরা নিজেরা সচেতন না হলে শুধু সরকারি উদ্যোগে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়।"
তিনি আরও যোগ করেন, বর্তমান সরকার জনস্বাস্থ্যের বিষয়ে অত্যন্ত আন্তরিক। প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিষয়গুলোতে সার্বক্ষণিক নজর রাখছেন। এমনকি খেলার মাঠ উন্নয়ন থেকে শুরু করে নগরের সার্বিক বিষয়গুলো তিনি নিজে দেখভাল করছেন।
এলাকার পরিবেশ সুন্দর ও বাসযোগ্য রাখতে সামাজিক সচেতনতার ওপর জোর দিয়ে আব্দুস সালাম বলেন, "নগরের উন্নয়নে জনগণের অংশগ্রহণ জরুরি। আগামীতে জনগণের সমর্থনে যদি মেয়র হিসেবে নির্বাচিত হতে পারি, তবে এই নগরীর শিক্ষাঙ্গনগুলোর পরিবেশ ও অবকাঠামোতে আমূল পরিবর্তন আনা হবে। শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করাই হবে আমাদের অন্যতম লক্ষ্য।"
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments