অলাভজনক সরকারি কারখানায় বিনিয়োগ টানতে ‘রোড শো’ করবে সরকার
দেশের বন্ধ ও অলাভজনক সরকারি কারখানাগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। এসব কারখানায় বিনিয়োগকারীদের টানতে শিগগিরই আন্তর্জাতিক মানের 'রোড শো'র আয়োজন করা হবে। এ লক্ষ্যে চলতি জুন মাসের মধ্যেই সমস্ত প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত 'শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানা চালু ও ব্যবস্থাপনা' বিষয়ক এক উচ্চপর্যায়ের সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু বৈঠক শেষে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান।
ডেপুটি প্রেস সেক্রেটারি জানান, সভায় শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন বন্ধ ও লোকসানি প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ কারখানাগুলো দ্রুত সময়ের মধ্যে চালু এবং অলাভজনক প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করার কার্যকর উপায় খুঁজে বের করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। বিশেষ করে, সরকারি খাতের এই সম্পদগুলোকে পুনরুজ্জীবিত করতে দেশি-বিদেশি যৌথ বিনিয়োগ ও বেসরকারি পুঁজি আকর্ষণের ওপর তিনি সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, কারখানাগুলো পুনর্গঠন ও লাভজনক মডেলে ফিরিয়ে আনতে ইতোমধ্যে একটি বিশেষজ্ঞ কমিটির সুপারিশ নেওয়ার প্রক্রিয়া চলছে।
উচ্চপর্যায়ের এই নীতি-নির্ধারণী সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, খন্দকার আব্দুল মুক্তাদির, বাণিজ্য ও শিল্পমন্ত্রী, রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা, আশিক চৌধুরী, নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
এছাড়াও শিল্প মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধীনস্থ দপ্তরগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।
Comments