কারামুক্ত হয়ে বাসায় ফিরলেন আইভী, চাইলেন মানবিক সরকার ও নিরপরাধীদের মুক্তি
দীর্ঘ প্রায় এক বছর কারাভোগের পর অবশেষে জামিনে মুক্ত হয়ে নিজ বাসভবনে ফিরেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার (৩ জুন) রাত সোয়া ১০টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এরপর রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় তার নিজ বাসভবন 'চুনকা কুটিরে' এসে পৌঁছান তিনি।
কারামুক্ত হয়ে বাসায় ফেরার পর দেশবাসী ও বিচার বিভাগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন সাবেক এই জনপ্রিয় মেয়র।
গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, 'আমি বিচার বিভাগের প্রতি অসম্ভব কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সরকারের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি চাই, সকলকে নিয়ে একটি মানবিক সরকার গঠিত হোক। জেলে আমার মতো অনেক মায়েরা আছেন, যারা সম্পূর্ণ নিরপরাধ। আশা করছি, সরকার তাদের প্রতিও সদয় হবে।'
২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জের দেওভোগের বাসা থেকে ডা. আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে তাকে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সময়ের তিনটি হত্যা মামলা ও দুটি হত্যাচেষ্টা মামলাসহ মোট ১২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বিভিন্ন সময়ে বেশ কয়েকটি মামলায় তিনি জামিন পেলেও, নতুন নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর কারণে তার কারাবাস দীর্ঘায়িত হয়।
সর্বশেষ গত ৩০ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানার দুটি হত্যা মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পাওয়ার পর তার স্থায়ী মুক্তির পথ সুগম হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, সাবেক মেয়রের বিরুদ্ধে থাকা ১২টি মামলাতেই উচ্চ আদালতের দেওয়া জামিন বহাল থাকায় আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে।
এদিকে, দীর্ঘ দিন পর সাবেক এই মেয়রের ঘরে ফেরাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে 'চুনকা কুটির' ও তার আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
Comments