হাদি হত্যা নিয়ে ভারতে কে কী বলল তা বাংলাদেশের বিষয় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিষয়ে ভারতে কে কী মন্তব্য করল, সেটি বাংলাদেশের বিবেচ্য বিষয় নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। হাদি হত্যাকাণ্ডের বিচারে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
হাদি হত্যা মামলা নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বক্তব্যের প্রেক্ষিতে বুধবার (৩ জুন) সকালে মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
গতকাল মঙ্গলবার কলকাতার ধর্মতলায় এক জনসভায় হাদি হত্যার ঘটনাকে ইঙ্গিত করে এক বিস্ফোরক দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলাদেশের একটি হত্যা মামলার আসামি ভারতের মেঘালয় সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করার পর সেখানকার পুলিশ তাকে গ্রেফতার করেছিল।
মমতা আরও দাবি করেন, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী 'দেশের স্বার্থে' সে সময় মমতার নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারকে এই বিষয়ে মুখ খুলতে নিষেধ করেছিলেন। জনসভায় কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে মমতা বলেন, "কাকে দিয়ে খুন করিয়েছিলেন? কার কার নাম বেরিয়েছিল? সবটাই জানি।"
ভারতের অভ্যন্তরীণ রাজনীতির এই দ্বন্দ্বের প্রেক্ষিতেই আজ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই প্রতিক্রিয়া জানানো হলো।
ব্রিফিংয়ে হাদি হত্যাকাণ্ড ছাড়াও মিয়ানমার সীমান্তের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সম্প্রতি মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনাকে অত্যন্ত 'দুঃখজনক' বলে আখ্যায়িত করেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, সীমান্তে মাইন বিস্ফোরণের এই সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে খুব দ্রুতই মিয়ানমার কর্তৃপক্ষের সাথে আনুষ্ঠানিক আলোচনা করা হবে।
Comments