তীব্র তাপপ্রবাহে পুড়ছে ৩৪ জেলা, নেই গরম কমার আভাস
জ্যৈষ্ঠের খরতাপে পুড়ছে সারা দেশ। ঢাকাসহ দেশের ৩৪টি জেলা তাপপ্রবাহের কবলে। রোববার (৩১ মে) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রাজধানী ঢাকায় যা ছিল ৩৬ দশমিক ৪।
তাপপ্রবাহের সঙ্গে প্রায় বৃষ্টিহীন রয়েছে দেশের বেশির ভাগ অঞ্চল। রোববার সবচেয়ে বেশি ৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারের টেকনাফে।
সোমবার দেশের ৮টি বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।
পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানিয়েছেন, দেশের ৩৪টি জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এর প্রভাবে সোমবারও গরম থাকবে। তবে তাপপ্রবাহের পরিধি কমে আসতে পারে।
তিনি আরও জানান, দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে। ৩ জুন থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এ সপ্তাহে টেকনাফ উপকূলে মৌসুমি বায়ু অগ্রসর হতে পারে, তখন বৃষ্টির প্রবণতা আরও বাড়বে।
এদিকে সোমবার সকাল ৬টায় রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
Comments