বাজারে পাইকার না আসায় হতাশ মৌসুমি চামড়া ব্যবসায়ীরা
পবিত্র ঈদুল আজহার কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহ করে বিপাকে পড়েছেন আশুলিয়ার স্থানীয় মৌসুমি চামড়া ব্যবসায়ীরা। বাজারে পাইকার না আসায় চরম হতাশায় পড়েছেন তারা।
এমনকি সরকার নির্ধারিত মূল্যে চামড়া ক্রয়-বিক্রয়ের কথা বলা থাকলেও বাজারে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে কাঁচা চামড়া সংগ্রহ করে জিরানী বাজারে নিয়ে আসা মৌসুমি চামড়া ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
কাঁচা চামড়ার মৌসুমি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, আশুলিয়ার বিভিন্ন এলাকার মাদরাসা ও বিভিন্ন বাড়ি থেকে বড় আকারের গরুর কাঁচা চামড়া ৪০০ টাকা থেকে সাড়ে ৫০০ টাকা এবং ছোট গরুর চামড়া ৩০০ থেকে সাড়ে ৩০০ টাকায় ক্রয় করেছেন তারা। কিন্তু বাজারে নিয়ে আসার পর সেগুলো কেনাবেচা হচ্ছে না।
কাঙ্ক্ষিত দাম নিয়েও শঙ্কায় রয়েছেন তারা। তাদের দাবি, চামড়া কিনে লবণ ও অন্যান্য আনুষঙ্গিক খরচ মিটিয়ে ব্যবসা টিকিয়ে রাখা কোনোভাবেই সম্ভব হবে না। কেউ কেউ বলছেন, বিকেলের দিকে চামড়ার পাইকার আসার কথা থাকলেও তারা কেউ আসেনি। এ কারণেই তারা বেশি হতাশা প্রকাশ করেছেন।
মৌসুমি ব্যবসায়ীদের দাবি, পাইকার ও ট্যানারি মালিকদের সিন্ডিকেটের কারণে মৌসুমি ব্যবসায়ীদের কেনা দামের চেয়েও কম দামে হয়তো চামড়া বিক্রি করতে হবে। তবে এখনো কিছু বলা যাচ্ছে না। পরিবহন ও লবণ সংরক্ষণের খরচ তো দূরের কথা, মূলধন ওঠাতেই হিমশিম খেতে হতে পারে—এমনটায় আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
Comments