৭৩১ শিক্ষার্থীকে ৯২ লাখ টাকার শিক্ষাবৃত্তি দিল ডিএনসিসি
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) তাদের 'শিক্ষা ও মেধাবৃত্তি নীতিমালা-২০১৭' অনুযায়ী ৭৩১ জন শিক্ষার্থীর মাঝে ৯২ লাখ ৪ হাজার ৬০০ টাকার বৃত্তির চেক বিতরণ করেছে। আজ সোমবার (১১ মে) দুপুরে গুলশান-২ নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এই চেক তুলে দেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
অনুষ্ঠানে জানানো হয়, গত বছর মাত্র ৬৯ জন শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হলেও এ বছর সেই সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়িয়ে ৭৩১ জনে উন্নীত করা হয়েছে। ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান সভাপতির বক্তব্যে জানান, ভবিষ্যতে এই কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাদের।
প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, "নিম্ন আয়ের পরিবারের মেধাবী শিক্ষার্থীদের সহায়তার মাধ্যমে তাদের শিক্ষাজীবন এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষা ও মেধা বিকাশে এই কার্যক্রম নিয়মিত পরিচালিত হবে।" তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন পেশায় দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান বলেন, "শিক্ষার্থীদের সঠিক বিকাশে পরিবার ও অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিভাবকদের সঠিক পরিচর্যাই পারে একজন শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে।"
উল্লেখ্য, মেধা ও প্রয়োজনের ভিত্তিতে বাছাইকৃত এই শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেওয়ার মাধ্যমে তাদের শিক্ষাজীবনের আর্থিক প্রতিকূলতা কাটিয়ে ওঠার অনুপ্রেরণা দিচ্ছে ডিএনসিসি। অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Comments