সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আলাদা হতে চায় এসআইবিএল
পাঁচটি শরীয়াহভিত্তিক ব্যাংকের সমন্বয়ে গঠিত 'সম্মিলিত ইসলামী ব্যাংক' থেকে বেরিয়ে গিয়ে স্বতন্ত্র সত্তা হিসেবে ফেরার আবেদন করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল)। সোমবার (২৭ এপ্রিল), ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক রেজাউল হক বাংলাদেশ ব্যাংকের কাছে এই পুনর্গঠনের আনুষ্ঠানিক আবেদন জমা দেন।
সাবেক পর্ষদ সদস্য জাবেদুল আলম চৌধুরী জানান, নবপ্রণীত ব্যাংক রেজল্যুশন আইনের ১৮(ক) ধারার সুযোগ নিয়ে তারা এই আবেদন করেছেন। উল্লেখ্য যে: গত বছরের ২১ ডিসেম্বর তারল্য সংকট ও উচ্চ খেলাপি ঋণের মুখে পাঁচটি ব্যাংক (এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন ও এসআইবিএল) একীভূত করে রাষ্ট্রায়ত্ত 'সম্মিলিত ইসলামী ব্যাংক' গঠন করা হয়েছিল।
একীভূতকরণের সময় তৎকালীন গভর্নর আহসান এইচ মনসুর ব্যাংকগুলোর নেট সম্পদ ঋণাত্মক হওয়ায় শেয়ারমূল্য 'শূন্য' ঘোষণা করেছিলেন। তবে নতুন আইনে সাবেক শেয়ারধারীদের ফেরার সুযোগ রাখা হয়েছে, যার ওপর ভিত্তি করেই এসআইবিএল পুনরায় আলাদা হতে চাইছে।
আলাদা হওয়ার লক্ষ্যে এসআইবিএল কিছু সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা ও সহায়তার প্রস্তাব দিয়েছে। যেমন,আগামী ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণের হার ২৫ শতাংশে নামিয়ে আনার প্রতিশ্রুতি। স্থগিত থাকা ২২টি সরকারি হিসাব সচল করে প্রায় ৫০০ কোটি টাকা ফেরত আনার পরিকল্পনা। ব্যাংক পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ বছর মেয়াদী ১১ হাজার কোটি টাকার বিশেষ তারল্য সহায়তা চাওয়া হয়েছে। ব্যাংকটি আলাদা হলে নতুন মূলধন জোগান এবং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে শৃঙ্খলা ফেরানোর নিশ্চয়তা দেওয়া হয়েছে।
আবেদনের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, আবেদনটি সংশ্লিষ্ট বিভাগে পৌঁছালে আইন অনুযায়ী যাচাই-বাছাই করা হবে। তবে বিষয়টি নিয়ে এখনই চূড়ান্ত মন্তব্য করার সময় আসেনি বলে তিনি উল্লেখ করেন।
এসআইবিএল-এর এই পদক্ষেপটি একীভূত হওয়া ব্যাংকগুলোর মধ্যে আলাদা হওয়ার জন্য প্রথম আনুষ্ঠানিক প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
Comments