মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের তেল রপ্তানিতে রেকর্ড
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও নানামুখী চাপ সত্ত্বেও বিশ্ববাজারে জ্বালানি তেল রপ্তানি অব্যাহত রেখেছে ইরান। সাম্প্রতিক উপাত্ত অনুযায়ী, মার্কিন অবরোধকে পাশ কাটিয়ে তেহরান বড় আকারের অপরিশোধিত তেল আন্তর্জাতিক বাজারে সরবরাহ করতে সক্ষম হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
সামুদ্রিক জাহাজ চলাচল বিশ্লেষণকারী সংস্থা ট্যাঙ্কারট্র্যাকার্স জানিয়েছে, ইরান তাদের তেল রপ্তানি টার্মিনালগুলো থেকে সম্প্রতি ৪৬ লাখ ব্যারেল সমপরিমাণ অপরিশোধিত তেল জাহাজে বোঝাই করেছে। এছাড়া সংস্থাটি আরও জানায়: প্রায় ৪০ লাখ ব্যারেল তেল ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের কঠোর অবরোধ রেখা অতিক্রম করে আন্তর্জাতিক গন্তব্যে পৌঁছে গেছে। মার্কিন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত কয়েক মাসে ইরানের তেল রপ্তানির গ্রাফ ঊর্ধ্বমুখী।
ইরানের তেল খাতের ওপর ওয়াশিংটনের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা সত্ত্বেও তেহরান বিভিন্ন গোপন ও বিকল্প উপায়ে তাদের জ্বালানি বাণিজ্য সচল রেখেছে। বিশ্লেষকদের মতে, 'ডার্ক ফ্লিট' বা ট্রান্সপন্ডার বন্ধ রাখা জাহাজের ব্যবহার এবং মাঝসমুদ্রে এক জাহাজ থেকে অন্য জাহাজে তেল স্থানান্তরের মতো কৌশলগুলো ব্যবহার করে ইরান আন্তর্জাতিক বাজারে তাদের তেলের উপস্থিতি বজায় রাখছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জ্বালানি তেল রপ্তানি সচল রাখা ইরানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করছে।
Comments