এলপিজি কার্ড বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর
বিএনপির রাজনীতি মানুষকে ভালো রাখার রাজনীতি—এ মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের নারীদের রান্নার কষ্ট লাঘবে 'এলপিজি কার্ড' প্রদানের ঘোষণা দিয়েছেন। আজ সোমবার দুপুরে যশোরের শার্শায় ঐতিহাসিক উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এই প্রতিশ্রুতি দেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এই প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে প্রধানমন্ত্রী তাঁর যশোর সফরের মূল কর্মসূচি শুরু করেন।
বেলা সাড়ে ১১টায় স্বহস্তে মাটি কেটে উলাশী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন: এই খাল পুনঃখননের ফলে শার্শার প্রায় ৭২ হাজার মানুষ সরাসরি সুফল পাবেন। আগামী ৫ বছরে সারা দেশে উলাশী খালের আদলে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করার পরিকল্পনা নিয়েছে সরকার। শহীদ জিয়ার শুরু করা এই কর্মসূচি পুনরায় সচল করার মাধ্যমে দেশের কৃষি ও সেচ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নারীদের সাবলম্বী ও শিক্ষিত করে গড়ে তুলতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শিক্ষা নীতির ধারাবাহিকতায় নতুন ঘোষণা দেন তারেক রহমান: ইতিপূর্বে ইন্টারমিডিয়েট (এইচএসসি) পর্যন্ত শিক্ষা ফ্রি ছিল, এখন থেকে মেয়েদের শিক্ষা ব্যবস্থা ডিগ্রি (স্নাতক) পর্যায় পর্যন্ত সম্পূর্ণ অবৈতনিক বা বিনা মূল্যে করা হবে। উচ্চতর শিক্ষায় উৎসাহিত করতে মেধাবী ছাত্রীদের জন্য বিশেষ উপবৃত্তির ব্যবস্থা করবে সরকার।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, দেশের অর্ধেক জনসংখ্যা নারী। তাদের জীবনমান সহজ করতে সরকার বদ্ধপরিকর। রান্নার কাজে সুবিধা দিতে নারীদের হাতে এলপিজি কার্ড তুলে দেওয়া হবে, যা তাদের দৈনন্দিন কষ্ট লাঘব করবে।
তিনি বলেন, "আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করেছি। মানুষের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি ইনশাল্লাহ আমরা পূরণ করব।"
যশোরের উলাশী খালের এই উদ্বোধনকে কেন্দ্র করে শার্শা তথা গোটা জেলাজুড়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। প্রধানমন্ত্রীর এই সফরকে উন্নয়নের এক নতুন মাইলফলক হিসেবে দেখছেন স্থানীয়রা।
Comments