হামের প্রকোপে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত দেড় হাজার ছাড়াল
দেশে হামের সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা) হাম ও এর উপসর্গ নিয়ে রেকর্ড সংখ্যক শিশু আক্রান্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ৮টি শিশুর। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে আজ এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৫৬৪ জন শিশু আক্রান্ত হয়েছে, যা এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ শিশুর মধ্যে একজনের শরীরে নিশ্চিত হামের উপস্থিতি ছিল, বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্তের সংখ্যা এভাবে বাড়তে থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে হাম পরবর্তী জটিলতা মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়াচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে টিকাদান কর্মসূচির ওপর জোর দেওয়ার পাশাপাশি শিশুদের জ্বর বা শরীরে রেশ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ক্রমবর্ধমান এই পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসচেতনতা এবং টিকাদানের হার বাড়ানোই এখন প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
Comments