যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচার চায় বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। এই নৃশংস ঘটনার যথাযথ তদন্ত এবং জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে ঢাকা।
আজ রবিবার (২৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সরকারের এই অবস্থানের কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "ফ্লোরিডায় দুই মেধাবী শিক্ষার্থীর এমন নৃশংস হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক। আমরা যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছি।"
তিনি আরও উল্লেখ করেন যে: শোকসন্তপ্ত দুই পরিবারের সঙ্গে সরকার নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এবং সংশ্লিষ্ট কনস্যুলেট জেনারেল বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
নিহত দুই শিক্ষার্থী হলেন জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। তারা দুজনেই যুক্তরাষ্ট্রে পিএইচডি গবেষণারত ছিলেন।
গত ১৬ এপ্রিল ফ্লোরিডা থেকে তারা রহস্যজনকভাবে নিখোঁজ হন। নিখোঁজের ১০ দিন পর গত শুক্রবার (২৪ এপ্রিল) জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করা হয়। এর একদিন পর গতকাল শনিবার (২৫ এপ্রিল) বৃষ্টির ভাই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টের মাধ্যমে তাঁর বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মেধাবী এই দুই শিক্ষার্থীর মৃত্যুতে প্রবাসীদের পাশাপাশি দেশেও শোকের ছায়া নেমে এসেছে। তাদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং নেপথ্যের কারণ উদ্ঘাটনে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
Comments