ওয়াশিংটনে সাংবাদিকদের নৈশভোজে গোলাগুলি, অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের বার্ষিক মিলনমেলা 'হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার' চলাকালীন গুলির শব্দে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে অনুষ্ঠানস্থল থেকে দ্রুত সরিয়ে নেওয়া হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় ওয়াশিংটন হিলটন হোটেলের বলরুমে এই ঐতিহ্যবাহী আয়োজন চলাকালে হোটেলের বাইরে গুলির শব্দ শোনা যায়। এ সময় প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে এএফপি জানায়, ৫ থেকে ৮টি গুলির শব্দ শোনা গেছে এবং এলাকায় বারুদের গন্ধ ছড়িয়ে পড়েছিল।
গুলির শব্দ শোনামাত্রই সিক্রেট সার্ভিসের সদস্যরা প্রেসিডেন্ট ট্রাম্পকে ঘিরে ধরেন এবং নিরাপদ স্থানে সরিয়ে নেন। বলরুমের ভেতরে থাকা অতিথিরা টেবিলের নিচে আশ্রয় নেন।
পরবর্তীতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ এক পোস্টে ট্রাম্প জানান যে, তিনি, ফার্স্ট লেডি এবং ভাইস প্রেসিডেন্টসহ মন্ত্রিসভার সকল সদস্য নিরাপদ আছেন। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ও সাহসী পদক্ষেপের প্রশংসা করেন। উদ্ভূত পরিস্থিতিতে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে এবং আগামী ৩০ দিনের মধ্যে তা পুনরায় আয়োজন করা হবে বলে জানান প্রেসিডেন্ট।
বিবিসি ও আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গুলির শব্দ শোনামাত্রই পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। ট্রাম্প দাবি করেছেন যে সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়েছে, তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনও বন্দুকধারীর অবস্থা (নিহত নাকি হেফাজতে) সম্পর্কে স্পষ্ট কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
বর্তমানে ওয়াশিংটন ডিসি পুলিশ এবং সিক্রেট সার্ভিস যৌথভাবে ঘটনার তদন্ত করছে। হোটেলের আশপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
Comments