সাবেক স্পিকার শিরীন শারমিন কারাগারে: রিমান্ড নামঞ্জুর
রাজধানীর লালবাগ থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন—উভয় আবেদনই নামঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আজ দুপুরে ডিবি কার্যালয় থেকে শিরীন শারমিনকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পরিদর্শক মোহসীন উদ্দীন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন জানালে আদালত দীর্ঘ শুনানি শেষে দুটি আবেদনই নাকচ করে দেন।
২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালীন লালবাগের আজিমপুর এলাকায় নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনায় এই মামলাটি দায়ের করেন মো. আশরাফুল ফাহিম। অভিযোগে বলা হয়, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ এবং ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের পরিকল্পনায় পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করে। গুলিতে বাদী আশরাফুল ফাহিমের বাম চোখের দৃষ্টিশক্তি চিরতরে হারিয়ে যায় এবং শরীর ও মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
এই মামলায় শিরীন শারমিন চৌধুরীকে ৩ নম্বর আসামি করা হয়েছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সম্পৃক্ততা এবং প্রত্যক্ষ-পরোক্ষ নির্দেশের অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।
আজ ভোরে রাজধানীর ধানমন্ডিতে এক আত্মীয়ের বাসা থেকে শিরীন শারমিনকে আটক করা হয়। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, সাবেক স্পিকারের বিরুদ্ধে হত্যাসহ মোট ৬টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে তিনটি মামলায় ইতিমধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে এবং বাকি তিনটি মামলা বর্তমানে তদন্তাধীন রয়েছে।
Comments