এক এনআইডি দিয়ে একাধিক এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী
মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বা মোবাইল ব্যাংকিং সেবার নিরাপত্তা নিশ্চিত করতে বড় ঘোষণা দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, এখন থেকে একজন গ্রাহক একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে একই প্রতিষ্ঠানে (যেমন: বিকাশ, নগদ বা রকেট) কেবল একটি অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন।
আজ সোমবার (৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এই তথ্য জানান।
মন্ত্রী তাঁর বক্তব্যে এমএফএস লেনদেনের স্বচ্ছতা বজায় রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা উল্লেখ করেন: গ্রাহকের নিজস্ব এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল নম্বরের মাধ্যমেই যেন অ্যাকাউন্ট খোলা হয়, তা নিশ্চিত করা হচ্ছে। এই যাচাইকরণ প্রক্রিয়াটি সহজ করতে বাংলাদেশ ব্যাংক এবং বিটিআরসি-র মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের আইনি প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে।
বিটিআরসি প্রয়োজনীয় হার্ডওয়্যার সংগ্রহ করলেই মোবাইল নম্বর এবং এনআইডি-র তথ্য ক্রস-চেকিং বা যাচাইকরণ কার্যক্রম পুরোদমে শুরু হবে।
এমএফএস ব্যবহার করে বিভিন্ন ধরনের জালিয়াতি বা ডিজিটাল প্রতারণা সম্পর্কে সরকার অত্যন্ত সজাগ রয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, "পেমেন্ট সিস্টেমের নিরাপত্তা জোরদার এবং জালিয়াতি রোধে বাংলাদেশ ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।"
এছাড়াও, গ্রাহকদের সচেতন করতে এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত খুদে বার্তা (এসএমএস), ভয়েস মেসেজ এবং গণমাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
Comments