যুদ্ধবিরতির অনুরোধ নিয়ে ট্রাম্পের দাবি ভিত্তিহীন: ইরান
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে করা যুদ্ধবিরতির অনুরোধ সংক্রান্ত দাবিকে সম্পূর্ণ 'মিথ্যা ও ভিত্তিহীন' বলে প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এই তথ্য জানিয়েছেন।
ইরানের সংবাদ সংস্থা আইআরআইবি নিউজের এক প্রতিবেদন অনুযায়ী, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, তার দেশ যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির কোনো প্রস্তাব পাঠায়নি। বিভিন্ন গণমাধ্যমে ইরানের পক্ষ থেকে 'পাঁচ দফা' যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে বলে যে সংবাদ প্রচার করা হচ্ছে, সেটিকে তিনি স্রেফ 'অনুমান' বলে উড়িয়ে দিয়েছেন।
আব্বাস আরাঘচি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, 'যতক্ষণ না আক্রমণকারী দেশকে শাস্তি দেওয়া হচ্ছে এবং ইরানকে পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ চলবে।'
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যালে' এক বিবৃতিতে দাবি করেছিলেন যে, ইরানের বর্তমান সরকারের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির জন্য অনুরোধ জানিয়েছেন। ওই শীর্ষ কর্মকর্তার নাম উল্লেখ না করে ট্রাম্প তাকে তার পূর্বসূরিদের চেয়ে 'অনেক কম উগ্রপন্থী এবং অনেক বেশি বুদ্ধিমান' বলেও মন্তব্য করেন।
ট্রাম্পের এই দাবির কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের পক্ষ থেকে এমন কঠোর প্রতিক্রিয়া এল। ট্রাম্পের এমন দাবি এবং ইরানের অবস্থানের এই বিপরীতমুখী বক্তব্য চলমান আঞ্চলিক অস্থিতিশীলতা ও কূটনৈতিক অচলাবস্থাকে আরও স্পষ্ট করে তুলল।
Comments